শ্রমিক দিবসে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি : নয়াপল্টনে শ্রমিক র‌্যালি

একুশে বার্তা প্রতিবেদন : পহেলা মে-তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক র‌্যালি বের করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

৩০ এপ্রিল  সোমবার সকালে বিএনপির সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানান।

 

নুরুল ইসলাম খান নাসিম বলেন, ‘আমরা মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য অনেক আগেই অনুমতি চেয়ে আবেদন করেছিলাম মহানগর পুলিশের কাছে। আমাদের আবেদনের কোনো জবাব তারা এখন পর্যন্ত দেয়নি। এমতাবস্থায় আমরা ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন সকাল ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক র‌্যালি করব। এ জন্য মহানগর পুলিশকে অবহিত করেছি। এই র‌্যালিতে শ্রমজীবী মানুষরা অংশ নেবেন।’

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের এহেন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি। বিএনপির জন্মের পর থেকে এই দিবসটি পালন করে আসছে। এখানেও এই সরকার সেই দিনটিতেও সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করার অনুমতি দিলেন না। কেন দিলেন না? শ্রমিক দলের সঙ্গে জাতীয়তাবাদী কথাটা যুক্ত আছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী কথাটা লেখা থাকার কারণে তাদের (সরকার) মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। হয়ত হাজার হাজার লাখ লাখ লোক জমায়েত হবে। জনগণের সমাবেশে আতঙ্কিত আওয়ামী সরকার সমাবেশের অনুমতি দেন না। সব কিছুতে একদলীয় একতরফা একটি রাজত্ব কায়েম করেছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। আমি বিএনপির পক্ষ থেকে এই অনুমতি না দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এরা হচ্ছে মানব বিরোধী সরকার, এরা শ্রমিক বিরোধী সরকার, এরা শ্রমজীবী মানুষের শত্রু সরকার।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।