সংবাদ সম্মেলনে নতুন আইজিপি : মাদক নির্মূলে জিরো টলোরেন্স ; পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই কাজ করবে

একুশে বার্তা প্রতিবেদন : নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ। আর পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তা পুলিশ আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গেই করবে। দায়িত্ব গ্রহণের পর গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ও চলতি বছরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাইকে পাশে পেলে জঙ্গিবাদকে যেভাবে নির্মূল করেছি, মাদকও নির্মূল করব। মাদক নির্মূলে নীতি হবে জিরো টলারেন্স। এ সময় তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ জনগণের সেবা দিয়ে থাকে। তবে কখনো কখনো কিছু সদস্যের কিছু কাজে বিব্রত হতে হয়। তবে কোনো সদস্যের অপরাধের দায় বাহিনী নেবে না। তার বিরুদ্ধে প্রচলিত নিয়মনীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হবে নারীবান্ধব, জনবান্ধব, শিশুবান্ধব ও প্রগতিবান্ধব।

২০১৮ সালকে চ্যালেঞ্জ মনে করি না

এদিকে গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত আইজিপি। পরে বিশেষ মোনাজাত করেন। ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছেন তিনি। এ সময় তিনি বলেন, ২০১৮ সালকে কোনো চ্যালেঞ্জ মনে করি না। আমরা সবাই ঐক্যভাবে কাজ করব। দেশের মানুষের জান, মাল, নিরাপত্তার যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করব। প্রধানমন্ত্রী যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, আশা করি সবার সহযোগিতায় সে আস্থা রাখতে সক্ষম হব।

টুঙ্গিপাড়ায় তার সঙ্গে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, কাউন্টার টেররিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইমের প্রধান মো. মনিরুল ইসলামসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।