শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে আগুন

ডেস্ক রিপোর্ট:রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি ময়লার স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দর ফায়ার স্টেশনের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে রাত ৯টা ২৩ মিনিটে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।