সংলাপ : এরশাদের ডাক সোমবার

একুশে বার্তা প্রতিবেদন : ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট ও বি চৌধুরীর বিকল্পধারার পরে এবার গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ পেল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিও।

সংসদে প্রধান বিরোধী দলটির নেতার চিঠির পর তাকে আগামী সোমবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন সংলাপের আমন্ত্রণপত্র জাপা চেয়ারম্যানের কাছে পৌঁছে দেন।

ঢাকাটাইমসকে এ খবর নিশ্চিত  করে আফজাল হোসেন বলেন, ‘জাপার আমন্ত্রণে সাঁড়া দিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলটির সঙ্গে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছেন। এরশাদের বারিধারার বাসভবনে তার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি তাকে হস্তান্তর করা হয়েছে।’

সংলাপের আগ্রহ প্রকাশ করে এর আগে বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর পিএস-০১ এর দপ্তরে এরশাদের চিঠিটি পৌঁছে দেন জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য সুনীল শুভ রায়।

ঢাকাটাইমসকে শুনীল শুভ বলেন, ‘সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের চিঠি দিয়েছেন। চিঠিটি আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিএস-১ দপ্তরে দিয়েছি।’

সংলাপ নিয়ে আলোচনার শুরু গত সোমবার। তার আগের দিন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন চিঠি দেন প্রধানমন্ত্রীকে। আর পরদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে জানান, তারা আলোচনায় রাজি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ জন নেতাকে নিয়ে গণভবনে যাচ্ছেন কামাল হোসেন। এর মধ্যে বিএনপির নেতা আছেন পাঁচ জন।

তার পরদিন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।