একুশে বার্তা ডেক্স : এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ নির্বাচনে ভোট প্রয়োগে ভুল হলে দেশে আবারও জঙ্গীবাদের উত্থান হবে, হাওয়া ভবন পুনঃপ্রতিষ্ঠা হবে, আলোকিত দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি ৯ মে বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর আদর্শ একাডেমি মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৬টি আদি পেশায় নিয়োজিত ব্যক্তিদের ‘অন দ্যা জব প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশ জয়ের কাজ হচ্ছে, কাজ হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা দেশ ও জনগণকে আলোকিত করেছেন। জঙ্গীবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন।
বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সাথে নিয়েই আপনারা নির্বাচনে আসুন। খেলা হবে নির্বাচনী মাঠে। জনগণ সিদ্ধান্ত নেবে, কারা ক্ষমতায় আসবে।
মাঠ ছেড়ে বিএনপিকে না পালানোর আহবান জানিয়ে নাসিম বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নির্বাচন দেখে ভয় পাই না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন প্রকল্পের উদ্বোধন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এই উন্নয়নের মুল স্রোতের সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশের ৮টি জেলায় একযোগে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, এটুআই প্রকল্পের পরামর্শক ফিরোজ আলম, প্রকল্প পরিচালক কামরুজ্জামান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
