হেলসিংকীতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে যে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে

একুশে বার্তা ডেক্স : বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুন  বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং দেশবিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের উচিৎ হবে, এর সমুচিত জবাব দেওয়া।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বক্তব্য রচয়িতা এমডি নজরুল ইসলাম এসব কথা ইত্তেফাককে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে অগ্রগতির ধারা শুরু হয়েছে, তা বিশ্বের দরবারে প্রবাসীদের মেলে ধরতে হবে। তিনি বলেন, ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা সফল হবে, তাদেরকে দলের ভেতরে মূল্যায়ন করা হবে।’

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ৩ জুন ফিনল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বুধবার রাতে হেলসিংকির হোটেল কাম্পে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।