ডেক্স রিপোর্ট : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল গত বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৬.৬৪ শতাংশ। এগারো বছরের মধ্যে এটি সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৮.৯১ শতাংশ। এর আগে পাসের হার ছিল ২০১৬ সালে ৭৪.৭০; ২০১৫ সালে ৬৯.৬০; ২০১৪ সালে ৭৮.৩৩; ২০১৩ সালে ৭৪.৩০; ২০১২ সালে ৭৮.৬৭; ২০১১ সালে ৭৫.০৮; ২০১০ সালে ৭৪.২৮; ২০০৯ সালে ৭২.৭৮ এবং ২০০৮ সালে ৭৬.১৯ শতাংশ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের ফলের তথ্য-উপাত্ত গত বৃহস্পতিবার তুলে ধরেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭; গত বছর ছিল ১১ লাখ ৬৩ হাজার ৩৭০। পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। গত বছর পাস করেছিলেন ৮ লাখ ১ হাজার ৭১১ জন। সে তুলনায় পাস বেড়েছে ৫৭ হাজর ৯০ জন। সব বোর্ডে গড় পাসের হার ৬৬.৬৪ শতাংশ। গত বছর ছিল ৬৮.৯১ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।
এ ছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গত বছর ছিল ৩৭ হাজার ৯৬৯ জন; কমেছে ৮ হাজার ৭০৭ জন।
বিভিন্ন বোর্ডে পাসের হার : ঢাকা ৬৬.১৩, রাজশাহী ৬৬.৫১, কুমিল্লা ৬৫.৪২, যশোর ৬০.৪০, চট্টগ্রাম ৬২.৭৩, বরিশাল ৭০.৫৫, সিলেট ৬২.১১, দিনাজপুর ৬০.২১, মাদ্রাসা ৭৮.৬৭, কারিগরি ৭৫.৫৫ শতাংশ।
বোর্ডে জিপিএ-৫ : ঢাকা ১২৯৩৮, রাজশাহী ৪১৩৮, কুমিল্লা ৯৪৪, যশোর ২০৮৯, চট্টগ্রাম ১৬১৩, বরিশাল ৬৭০, সিলেট ৮৭৩, দিনাজপুর ২২৯৭, মাদ্রাসা ১২৪৪ এবং কারিগরি ২৪৫৬ জন।
সাধারণ শিক্ষা বোর্ড : সাধারণ আট শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ লাখ ৭২ হাজার ২৮ পরীক্ষার্থী। গত বছর ছিলেন ৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭ হাজার ৯০ জন। পাস করেছেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৮ জন। গত বছর পাস করেন ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন। বেড়েছে ৪৭ হাজার ১৬ জন। এসব বোর্ডে মোট গড় পাসের হার ৬৪.৫৫ শতাংশ। গত বছর ছিল ৬৬.৮৪ শতাংশ। ফলে পাসের হার কমেছে ২.২৯ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন মোট ২৫ হাজার ৫৬২ জন। গত বছর ছিল ৩৩ হাজার ২৪২ জন। এবার কমেছে ৭ হাজার ৬৮০ জন।
মাদ্রাসা বোর্ড : মাদ্রাসা বোর্ড থেকে এ বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ৯৭ হাজার ৭৯৩ জন, যা গত বছর ছিল ৯৬ হাজার ৮০২ জন। এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। গত বছর ছিল ৭৪ হাজার ৫৬১ জন। এই বোর্ডে পাসের হার ৭৮.৬৭ শতাংশ। গত বছর ছিল ৭৭.০২ শতাংশ। এবার বেড়েছে ১.৬৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ২৪৪ জন। গত বছর ছিল ১ হাজার ৮১৫ জন। এবার জিপিএ-৫ কমেছে ৫৭১ জন।
কারিগরি বোর্ড : কারিগরি বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৮ হাজার। এর মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন। এবার পাসের হার ৭৫.৫০ শতাংশ। গত বছর ছিল ৮১.৩৩ শতাংশ। কমেছে ৫.৮৩ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৬ জন। গত বছর ছিল ২ হাজার ৬৬৯ জন। জিপিএ-৫ কমেছে ২১৩ জন।
পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য সরকারের নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে এবার ৫৫তম দিবসে এইচএসসির ফল প্রকাশ হয়েছে। এ বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) ও ডিআইবিএস পরীক্ষা গত ২ এপ্রিল ২০১৮ তারিখ শুরু হয়ে শেষ হয় ২৪ মে ২০১৮।
