গোপালপুরে বিএনপির ইফতার পার্টিতে পুলিশি বাধায় পণ্ড

সংবাদদাতা : পুলিশের বাধার মুখে বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার পার্টি পণ্ড হয়ে গেছে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী লিয়াকত জানান, বুধবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু ফৌজদারি মামলায় অধিকাংশ নেতাকর্মীর টাঙ্গাইল আদালতে হাজিরা থাকায় দিবসটি পালন করা যায়নি। এ জন্য বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

ইফতারসামগ্রী তৈরির পর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে হাজির হলে পুলিশ গিয়ে বাধা দেয় এবং অফিসে ঢুকে ব্যানার খুলে নেয়, মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়।

সেখানে উপস্থিত থাকা থানার এসআই আব্দুল হাই জানান, পুলিশ প্রশাসনকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনাসভা ও ইফতার মাহফিলের নামে জমায়েত হওয়ার চেষ্টা করে। তাদের অনেকের নামে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়।