সংবাদদাতা : টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিন জন।
আজ রোববার সকালে টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দর্জি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শহিদুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশা যোগে সদর উপজেলার ছিলিমপুর থেকে টাঙ্গাইল শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। চার জন যাত্রী নিয়ে অটোরিকশাটি বেড়াবুচনা এসে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শহীদুল নিহত এবং আহত হন আরও তিন জন। এ ঘটনায় উত্তেজিত পথচারীরা প্রায় ১ ঘন্টা নাগরপুর-টাঙ্গাইল সড়ক বন্ধ করে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
