সংবাদদাতা : করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল চারটা থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরমধ্যে পৌর এলাকায় অকারণে বাইরে ঘোরাফেরা করা লোকজনের ওপর কঠোর হতে দেখা যায় বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতাসহ কয়েক জন পৌর কাউন্সিলরকে।
রাস্তা ঘাট ও বাজারে ঘোরাফেরা করা কিংবা জটলা পাকানো অনেককেই লাঠিপেটা ও কান ধরে উঠবস করান তারা।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনসহ কয়েকজনকে লাঠি হাতে জন সাধারণকে পেটাতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর আমিনুর রহমান বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করছে। কিন্তু টাঙ্গাইলে কেউ কেউ প্রশাসনের কোনো নির্দেশনাই মানছে না। অপ্রয়োজনে ঘোরাফেরা করা মানুষকে ভয়ভীতি দেখানোর জন্যই আমরা কঠোর হয়েছি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন বলেন, এ ধরনের কোন সিদ্ধান্ত পৌর কতৃপক্ষ গ্রহন করেনি। উনি পরিস্থির কারনে এই কাজটি করেছে। এটা সঠিক হয়নি।
এ বিষয়ে জানতে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোশরফ হোসেন বলেন, এক জন কাউন্সিল এই ভাবে আইন হাতে তুলে নিতে পারে না। এখন পর্যন্ত এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
