ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে সম্পাদক পরিষদের মানববন্ধন ২৯শে সেপ্টেম্বর

একুশে বার্তা প্রতিবেদন : অব্যাহত প্রতিবাদ ও আপত্তির মুখেও জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। আগামী ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। গত ২২ সেপ্টেম্বর  সম্পাদক পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নিউজটুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্পাদক পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ  সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজাদী সম্পাদক এমএ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনূস ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।