একুশে বার্তা ডেক্স : পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।
বিএনপি’র চারদফা দাবির বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সকল প্রকার সহায়তা করবে।
আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। তিনি বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে। এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়ক সহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এই সংস্কার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।
