বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা ॥ ফিরছেন সাকিব

খেলাধূলা ডেস্ক :  শ্রীলঙ্কার মাটিতে আসন্ন নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আপাতত প্রধান কোচ বানিয়ে দেওয়া হয়েছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। দলে সাকিব থাকলেও সব ম্যাচে তাঁকে পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। এক বাঁ দুই ম্যাচে তাঁকে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে অন্যান্য ম্যাচে মাহমুদউল্লাহর কাঁধেই থাকবে দলের নেতৃত্ব।

সর্বশেষ সিরিজের দলে থাকা নতুনদের মধ্যে নাজমুল অপু, আবু জায়েদ রাহি আর আরিফুল হক জায়গা ধরে রেখেছেন।

নিদাহাস ট্রফির দলটা মূলত ১৫ জনের। তবে সাকিব আল হাসানের আঙুলের চোট পুরোপুরি সেরে না উঠায় একজন বাড়তি নিয়ে ১৬ জনের দল দেয়া হয়েছে। তবে কাকে বাড়তি হিসেবে নেয়া হয়েছে, সেটা পরিষ্কারভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন নিদাহাস ট্রফিটি শুরু হচ্ছে আগামী ৬ মার্চ থেকে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান, আবু হায়দার, নুরুল হাসান, আবু জায়েদ।