শাহজালাল বিমানবন্দরে হজ্ব ফ্লাইটে পরিত্যক্ত ১ কোটি ৬০ লাখ টাকার বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

একুশে বার্তা প্রতিবেদন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

সোমবার রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ১৬ প্রকারের ওই বিদেশি ওষুধ জব্দ করা হয়। এ ওধুষের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, জেদ্দা সৌদি আরব থেকে ছেড়ে আসা এসভি ৮০৮ হজযাত্রী বহনকারী ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করে। এরপর শুল্ক গোয়েন্দা দল ৮ নম্বর লাগেজ বেল্টে ওষুধ খুঁজতে থাকে এবং মালিকবিহীন অবস্থায় ১টি ট্রলিতে ২টি লাগেজ দেখে সন্দেহ করে।  সকল হজযাত্রী তাদের লাগেজ সংগ্রহ করে চলে গেলেও ওই লাগেজ ২টি বেল্টের পাশেই পড়ে ছিল। রাতে শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ খুলে সেখান থেকে ১৬ ধরেনর ওষুধ উদ্ধার করে।