অবশেষে সরকারের অতিরিক্ত সচিব মোকাব্বিরকে বিমানে নতুন এমডি নিয়োগ

একুশে বার্তা রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে সরকারের অতিরিক্ত সচিব  মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে জন প্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর করা হবে।

আগামী রোববার নতুন এমডি হিসেবে বাংলাদেশ বিমানের দায়িত্ব গ্রহণ করবেন।

গত ৩০ এপ্রিল রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সেই সময় ভারপ্রাপ্ত এমডি হিসেবে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এমডি, সিইও এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগের জন্য গত ১২ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১২ জন বিদেশিসহ প্রায় ৭০ প্রার্থী এই পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। তবে গত ছয় মাসেও আবেদনকারীদের মধ্য থেকে কাউকে চূড়ান্ত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

আবেদনকারীদের মধ্য থেকে কাউকে, নাকি নতুন কোনো পদ্ধতিতে এ পদে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ৩ সেপ্টেম্বর বোর্ডসভায় আলোচনা করে এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ। জানা গেছে, বোর্ডসভায় অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে নিয়োগ দেয়ার প্রস্তাব ওঠে।

বিমানের নতুন এমডি হিসেবে নিয়োগ পাওয়া মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করেন। সর্বশেষ তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল অ্যাভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোকাব্বির বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সরকারে আরেক উপসচিব জিয়া উদ্দিন আহমদকে বিমানের পরিচালক প্রশাসন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।