বিদেশ ডেক্স : পাকিস্তানের বরখাস্তকৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঠিক কতদিনের জন্য অযোগ্য থাকবেন এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে নওয়াজকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলা হয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। খবরে বলা হয়, বুধবার নওয়াজের আইনজীবী আজম নাজির ৫ সদস্যের বিচারিক আদালতে উপস্থিত হয়ে প্রস্তুতির জন্য তিনদিন সময় প্রার্থনা করেন। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে গঠিত ওই বেঞ্চ এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।
উল্লেখ্য, পাকিস্তানের সংবিধানের ৬২(১) (এফ) ধারা অনুযায়ী তিন মাস পূর্বে অযোগ্য ঘোষিত ব্যক্তি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না এই বিষয়ে আদালতে শুনানি চলছে। এর অংশ হিসেবে বুধবার একজন পার্লামেন্ট সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন আদালত। ওই সদস্যের আইনজীবী ওয়াসিম সাজ্জাদ বলেন, বর্তমান ৬২ ধারা বিভ্রান্তিকর। বিচারের আগে এই ধারাকে নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। তার মতে, ৬২(১) (এফ) ধারায় কাউকে এমন শাস্তি দেয়া যায় না, যা সংবিধানের ৬৩নং ধারায় বলা হয়েছে। কেননা, ওই ধারায় অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়েছে। এই বিষয়ে বিচারপতি আজমত সাইদ শেখ বলেন, আমরা যদি এই ব্যাখ্যা গ্রহণ করি, তাহলে ৬২ ধারা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আরেক আইনজীবী মুনির মালিক বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মৌলিক অধিকার। তাই ৬২ ও ৬৩ ধারা এমনভাবে প্রয়োগ করা উচিত যাতে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ন না হয়
