আফগানিস্তানে ৭০ শতাংশ অঞ্চল তালেবান হুমকিতে

আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তালেবানকে সমূলে নাশ করাই ছিল ওই ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ একমাত্র শ্লোগান। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে। কিন্তু এত বছর পরও আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকা তালবানের হুমকির মধ্যে রয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গত ৩১ জানুয়ারি  এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। কয়েক মাস গবেষণার মাধ্যমে বিবিসি ওই জরিপের ফল প্রকাশ করেছে। যদিও আফগান সরকার বিবিসির ওই প্রতিবেদন নাকচ করে বলেছে, সরকারই দেশের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে সম্প্রতি তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু হামলা বলে দেয় জঙ্গিরা এখনো বেশ শক্ত অবস্থানে রয়েছে। এমন প্রেক্ষাপটে আফগান কর্মকর্তা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে যে কোনো আলোচনার কথা উড়িয়ে দিয়েছেন। যদিও গত বছর ট্রাম্প বলেছিলেন দেশটিতে মার্কিন সেনারা অনির্দিষ্টকাল ধরে থাকবে।