আশকোনা হজ্ব ক্যাম্পে হজ্ব যাত্রীর রিয়াল চুরি: ২১ হাজার রিয়েল উদ্ধার : গ্রেফতার ২

একুশে বার্তা রিপোর্ট : আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীর ব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনার ৯ দিন পর দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে চুরি হওয়া ২২ হাজারের মধ্যে ২১ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— হাবিবুর রহমান ও নাদিম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হাবিবুরকে এবং একই রাতে টঙ্গি স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি জানান, গত ২২ এপ্রিল আশকোনা হজক্যাম্প থেকে হজযাত্রী ইমরান আলী ও শাহানা বেগমের ব্যাগ চুরি করে নিয়ে যায় চোরচক্র। এক পর্যায়ে ব্যাগ খুঁজে পেলেও পাওয়া যায়নি ব্যাগে থাকা ২২ হাজার সৌদি রিয়াল ও নগদ ১০ হাজার টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। এরপর ঘটনার তদন্ত করে জড়িত দুজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
ডিসি জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানকে গ্রেফতারের জন্য গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়েও পাওয়া যায়নি। তবে মান্নানের জামাতার বাসা তল্লাশি করে ১৭ হাজার ৫০০ রিয়াল উদ্ধার করা হয়। সেই সঙ্গে মানি এক্সচেঞ্জ থেকে মুদ্রা বিনিময়ের মাধ্যমে তোলা ৩ হাজার ৫০০ সৌদি রিয়াল সমমানের ৯০ হাজার টাকা জব্দ করা হয় আব্দুল মান্নানের স্ত্রীর বাসা থেকে।
পুলিশ জানায়, হজ ক্যাম্পের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার পাজামা-পাঞ্জাবি পরিহিত ছদ্মবেশী এক ব্যক্তি হজ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এসময় হজযাত্রী মো. ইমরান হোসেন তার ব্যবহৃত একটি হাত ব্যাগ ভুলক্রমে শৌচাগারে রেখে মসজিদে ঢুকে পড়েন। এসময় ছদ্মবেশী ওই ব্যক্তি শৌচাগারে পড়ে থাকা ব্যাগ খুলে দেশি–বিদেশি মুদ্রা নিয়ে নেন। পরে ব্যাগটি শৌচাগারে ঝুলিয়ে রেখে নিরাপত্তাকর্মীদের সামনে দিয়ে পালিয়ে যান।
চুরির ঘটনায় জড়িত অন্যাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিসি মির্জা তারেক আহমেদ বেগ।
সৌদি রিয়াল উদ্ধারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ইমান আলী সৌদি আরবের মক্কা থেকে ধর্মমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।