গোপন সমঝোতায় পাচারের চেষ্টা : শাহজালালে কোটি টাকার ডায়বেটিক , বাত ও বন্ধাত্ব দূরিকরন ওষুধ জব্দ : যাত্রী গ্রেফতার

একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি টাকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রবিবার ভোরে জামাল নামে এক যাত্রীর কাছ থেকে ওষুধগুলো জব্দ করা হয়।  ওষধগুলো কাস্টমস, সিভিল এভিয়েশন ও আনসার বাহিনীর কতিপয় অসাধু কর্মচারির সমন্বয়ে গোপন সমঝোতায় পাচারের চেষ্টা হচ্ছিল বলে গোয়েন্দারা জানতে পেরে সাড়াশি অভিযান চালায়।

জব্দকৃত ওষুধগুলো হচ্ছে- ডুপাস্টন-১২ হাজার পিস, মিক্সটার্ড- ২ হাজার পিস, নিউরাল ২৫এমজি-১৫ হাজার পিস, নিউরাল ৫০এমজি-২ হাজার পিস ও নভোর‌্যাপিড- ২৫০ পিস। এসব ওষুধ ডায়বেটিস, হাড়ের ক্ষয় জনিত রোগ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।

কাস্টমস গোয়েন্দা মহাপরিচালক ড. শহিদুল ইসলাম জানান, ভোরে মিশর থেকে তার্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে-০৭১২) ঢাকায় আসেন জামাল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখা হয়। কালাম ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা লাগেজ ২টি খুলে বিদেশি ওষুধগুলো পাওয়া যায়। আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া বিদেশি ওষুধ আমদানি নিষিদ্ধ।