দেশে ফিরেছেন মির্জা ফখরুল

একুশে বার্তা প্রতিবেদন : দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্ক ও লন্ডনে ৫ দিনের সফর শেষে রোববার বিকেল ৫ টা ২০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকা পৌঁছান তিনি।

গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিউইর্য়ক যান মির্জা আলমগীর।

এ সফরে তিনি জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মেরোস্লাভ জেনকার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিণ পররাষ্ট্র দফতরের সাথেও বৈঠক হয় তার। এসব বৈঠকে বাংলাদেশ সরকারের নানা অনিয়ম, বিরোধী দলের উপর দমন-পীড়নের তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিএনপি মহাসচিব। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘ ও ট্রাম্প প্রশাসনেরও করণীয় আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান তিনি।

গত শুক্রবার বিকেলে লন্ডনের উদ্দেশ্যে মির্জা ফখরুল ওয়াশিংটন ত্যাগ করেন। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইর্য়ক থেকে লন্ডনে পৌঁছান বিএনপি মহাসচিব। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিবের আকষ্মিক এ সফর রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।