গয়েশ্বর-মিন্টুর ভারত যেতে বাধা : শাহজালাল বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

ডেক্স রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেয়া হয়নি। গতকাল  বিকাল ৫টায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ভারত সফরে যাওয়ার কথা ছিলো। গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী শাহীন আলম জানান, ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যাওয়ার কথা ছিল গয়েশ্বর চন্দ্র রায়ের। কিন্তু সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জানান, ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছান। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখে শেষ মুহূর্তে ‘ক্লিয়ারেন্স নেই’ বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে জানিয়ে দেন। তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুরও ভারত যাওয়ার কথা ছিলো। সেখান থেকে মিন্টুর ভারত থেকে শ্রীলঙ্কায় একটি সেমিনারে যোগ দেয়ার কথা ছিল। তিনিও ওই ফ্লাইটে যেতে পারেননি।

জানা গেছে, মিন্টু রাতের পরবর্তী কোনো ফ্লাইটে ভারত যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। এ বিষয়ে আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে বলেন, এর আগে কোনো সময়ই আমাকে ক্লিয়ারেন্স দেয়া নিয়ে এ রকম হয়নি। গতকাল একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্র রায়ের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দরাবাদ যাওয়ার কথা ছিলো। বিমানবন্দর যাওয়ার পর দু’জনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়া হয়নি। তাই ফ্লাইট চলে গেছে। আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। আমি ব্যবসায়িক কাজে সেখানে যাবো। হায়দরাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।