একুশে বার্তা ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে অসুস্থ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করাতে বললেন।
৬ জানুয়ারি শনিবার রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এ সব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তার মানসিক সমস্যা দেখা দিলো কি-না, সেটাও বলতে পারছি না। পরীক্ষা করে দেখা দরকার, তার মাথা ঠিক আছে কি-না।
কয়েকদিন আগে ঢাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সরকারের পদ্মা সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে। কেউ এই পদ্মা সেতুতে উঠবেন না।
বিএনপি প্রধানের এ কথার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। খালেদা বলেছেন, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে করা হচ্ছে। তিনি কাউকে পদ্মা সেতুতে উঠতে মানা করেছেন। আমরা দেখবো, খালেদা এবং বিএনপি নেতারা পদ্মা সেতুতে ওঠেন কি-না।
‘শেখ হাসিনার সরকারের কেনা ২টা সাবমেরিন উদ্বোধনের পরই ডুবে গেছে।’ খালেদার এ মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছি। খালেদা জিয়া বলেন, তা পানিতে ডুবে গেছে। কিন্তু সাবমেরিন যে পানিতে ডুবে থাকে, এ জ্ঞানটুকুও তার নেই।
‘খালেদা শুধু একটা বিষয়ই ভালো বোঝেন— লুটপাট, অর্থ বানানো, ধ্বংস, মানুষ হত্যা— তিনি এগুলোই কেবল বোঝেন, আর কিছু বোঝেন না।’
আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সভাটি শুরু হয়।
