ডেক্স রিপোর্ট : নিজের দাড়ি-গোঁফ বড় করে পরিচয় লুকাতে চেয়েছিলেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।
পরোয়ানা জারির ২০ দিন পর রোববার কৌশলে আদালত চত্বরে যাওয়ার চেষ্টাকালে শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি (মিডিয়া) সোহেল রানা ওসি মোয়াজ্জেমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তাকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টে দায়িত্বরত ডিবির এক কর্মকর্তা জানান, পরোয়ানা জারির পর আত্মগোপনে ছিলেন মোয়াজ্জেম হোসেন। নিজের পরিচয় লুকাতে দাড়ি-গোঁফ বড় রেখেছিলেন মোয়াজ্জেম। এ কারণে প্রথমে তাকে চিনতে পারেননি তারা। কয়েকবারের চেষ্টায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পুলিশের ধারণা, মোয়াজ্জেম কৌশলে জামিন নেয়ার জন্য আদালত চত্বর এলাকায় এসেছিলেন। তবে আগে থেকেই তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। আদালত চত্বরে ঢোকার আগেই শাহবাগ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
