পরকীয়ার সাজা বৃদ্ধিতে আইনমন্ত্রীসহ ৫ জনকে উকিল নোটিশ

ডেক্স রিপোর্ট : পরকীয়ার সাজা বৃদ্ধি এবং দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধন চেয়ে আইনমন্ত্রীসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।

ওই নোটিশে আইনমন্ত্রীসহ আইন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিব ও অতিরিক্ত সচিব এবং সংসদের (আইন) সহকারী সচিবকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ওই নোটিশে পরকীয়ার সাজা পাঁচ বছর থেকে বৃদ্ধি করে সাত বছর করার দাবি জানিয়েছেন ফাইজুল্লাহ ফয়েজ।

দণ্ডবিধির ৪৯৭ ধারাটি বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক জানিয়ে মঙ্গলবার আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ সাংবাদিকদের বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন চেয়ে সংশ্লিষ্টদের একটি নোটিশ পাঠিয়েছি।

ধারাটিতে নারী-পুরুষের মাঝে বৈষম্য করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারায় নারীকে অভিযুক্ত করা যাবে না বলে একপক্ষীয় নিয়ম প্রণয়ন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ বলেন, দণ্ডবিধি আইন অনুযায়ী স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী অন্য কোনো পুরুষের সঙ্গে মিলিত হলে তৃতীয় পুরুষটিকে অভিযুক্ত করা যাবে, কিন্তু ওই নারীকে অভিযুক্ত করা যাবে না।

তাই আইনের ধারাটির সংশোধন প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

তিনি মনে করেন, এক্ষেত্রে পরকীয়ায় লিপ্ত স্ত্রী ও পুরুষ যৌন সম্পর্কে মিলিত হলে উভয়কেই যেন এই দণ্ডবিধিতে দোষী করা হয়।

নোটিশের জবাব দিতে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট।

তবে এজন্য আগামী এক সপ্তাহ অপেক্ষা করা হবে এবং এরমধ্যে সুনির্দিষ্ট জবাব না পেলে হাইকোর্টে দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধন চেয়ে রিট দায়ের করা হবে।