বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে ফোন করে প্রতারণার ফাদে ফেলার চেষ্টা : উপসচিবের সতর্কতামুলক পত্র জারি : প্রতারণার ফাদে পড়ে আর্থিক লেনদেন না করার অনুরোধ

স্টাফ রিপোর্টার : এবার প্রতারকচক্র বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন কর্মকর্তাকে ফোন করে প্রতারণার ফাদে ফেলার অপচেষ্টা করছে। মন্ত্রণালয় এ ব্যাপারে সাড়াশি পদক্ষেপ নিয়েছে। একজন উপসচিব বিষয়টি নিয়ে ১৬ মে সতর্কতামুলক দাপ্তরিক পত্র জারি করেছেন। এ দাপ্তরিকপত্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাকে অনুলিপি দেয়া হয়েছে। সিভিল এভিয়েশনের সদর দপ্তরেও এ সতর্কতামুলক পত্র জারি করা হয়েছে।
সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সিএএবিতে কাউকে ফোন করে প্রতারণা করা হয়নি। মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি , সিএএবি কর্তৃপক্ষ এ ব্যাপারে সতর্ক আছে।
বেসামরিক মন্ত্রণালয়ের উপসচিব রায়হানুল ইসলাম কর্তৃক জারিকৃত দাপ্তরিক চিঠিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে প্রতারকচক্র এ মন্ত্রণালয়ের কর্মকর্ত/কর্মচারি হিসেবে পরিচয় প্রদান করছে। এর মাধ্যমে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে মর্মে জানা যাচ্ছে। এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নাম্বার, ইমেইল এড্রেস প্রদর্শিত আছে। প্রদর্শিত নাম্বারসমূহ ব্যতীত অন্য কোন নাম্বার হতে ফোন করে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারি পরিচয় প্রদান করলে ধরে নিতে হবে এটি প্রতারণার জন্য করা হয়েছে।
এমতাবস্থায় এ ধরনের প্রতারকচক্রের ফাদে পড়ে আর্থিক লেনদেন হতে বিরত থাকতে সর্বসাধারণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’