মন্ত্রীরা গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না: ইসি সচিব

একুশে বার্তা ডেক্স : মনোনয়ন জমার সময় আচরণবিধি প্রতিপালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি যারা পদে থেকে নির্বাচন করছেন তাদের সরকারি সুবিধা ত্যাগ করার নির্দেশনা এসেছে সাংবিধানিক সংস্থাটি থেকে। ইসির নির্দেশনা অনুসারে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। তারা গাড়িতে সংসদ সদস্য লেখা স্টিকার ব্যবহার করতে পারবেন না। কোনো প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।  গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ নির্দেশনার কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। পতাকাসহ গাড়ি নিয়ে মন্ত্রী-এমপিরা মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন- না, পারবেন না। কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। সচিব আরো বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন বা সভা-সমাবেশ করা যাবে না।

কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে সচিব বলেন, উনার মনোনয়নের বিষয়টি আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না। এ ছাড়া আমরা শুনেছি অনেকে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো শুরু করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সচিব। নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গ তুলে ইসি সচিব বলেন, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেয়ার আগে কোনো কোনো স্থানে এধরনের শোডাউনের তথ্য আমরা পেয়েছি। আমরা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি- এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। রিটার্নিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আমরা জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছি, তারা যেনো কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেনো কারও ব্রিফে অংশ না নেন। তবে আমরা রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার বিষয়ে কোনো চিঠি দেইনি। এই বিষয়টি ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমরা তাদের বলে দেবো এবং প্রয়োজনে আবার চিঠি দেবো। ফেসবুকে নির্বাচনী প্রচারণায় ইসির কিছু করণীয় নেই জানিয়ে ইসি সচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়ে আমরা কিছুই বলিনি, এটা আচরণবিধিতে আনার সুযোগ  নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেনো অপ্রচার না হয় এই নির্দেশনা আমরা দিয়েছি।