সংবাদ সম্মেলনে রিজভী : কোটা আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে সরকার

একুশে বার্তা প্রতিবেদন : কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে সরকার ছাত্রলীগকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সম্মেলনে কোটা সংস্কার ইস্যুতে ছাত্র-শিক্ষকদের ওপর হামলার কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘কোটা আন্দোলন নিয়ে সরকারের নাটক এবং প্রতারণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা ক্ষুব্ধ। তবুও ছাত্র আন্দোলনের মুখে কোটা আন্দোলনের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে সেদিন প্রধানমন্ত্রী যে বিভ্রান্তির সৃষ্টি করতে চেয়েছিলেন সেটিতে ব্যর্থ হয়ে এখন তিনি আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন।’

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, খালেদা জিয়া কতটুকু অসুস্থ তা জানতে দেওয়া হচ্ছে না।

রিজভী আরও বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উৎকণ্ঠিত। তার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীসহ সারা দেশের জেলা মহানগর ও উপজেলা সদরে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।