ডেক্স রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে সেনা সদস্য আজিজুল হত্যা মামলার আসামি ফিরোজ মোল্লাকে (৪৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপুরে সৌদি আরবে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পার হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিমানবন্দর থানা পুলিশ ফিরোজ মোল্লাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আসামি ফিরোজ মোল্লা মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের দানেজ মোল্লার ছেলে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, বিমানবন্দর থেকে তাকে মির্জাপুর থানায় আনা হচ্ছে। তিনি এ হত্যা মামলার দুই নম্বর আসামি।
এদিকে পুলিশ ঘটনার দিন হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠায়। সোমবার আদালতের বিচারক শুনানি শেষে তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত ৮ মার্চ শুক্রবার ভোরে সেনা সদস্য আজিজুল ইসলাম ছুটিতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে নিজ বাড়িতে আসেন। ওইদিন সকালে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামি করে মামলা করেন। পরে এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
