ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রীন চ্যানেলে নজরদারিতে ছিল। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে তার ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। এ মাদক চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এর প্রকৃত গন্তব্য কোথায় ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।History
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।
