‘দেশ এখন ক্রান্তিকাল পার করছে : ভোটারবিহীন সরকার পাকিস্তানি কায়দায় দেশ চালাচ্ছে’

ডেক্স রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি বিশ্বাস করি, শেখ হাসিনা নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচনের জন্য দলীয় সরকার নয়- নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তিনিই অগ্রণী ভূমিকা রেখেছেন। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে অনেক জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে। জাতির কাছে তার এই অঙ্গীকার থেকে শেখ হাসিনা কোনোভাবেই বিচ্যুত হতে পারেন না।

আ স ম রব বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পাকিস্তানি কায়দায় দেশ চালাচ্ছে। পাকিস্তানিরা বিশ্বাস করত বাঙালিরা দেশ চালানোর উপযোগী নয়। সুতরাং কোনো অধিকার তাদের প্রাপ্য নয়। ক্ষমতা শুধু পশ্চিম পাকিস্তানিদের জন্য সংরক্ষিত। আওয়ামী লীগও মনে করে, দেশ চালানোর অধিকার শুধু আওয়ামী লীগের- অন্য কারও নেই।

তিনি বলেন, আইয়ুব খানের দর্শন নিয়ে স্বাধীন বাংলাদেশে একবিংশ শতাব্দীতে রাজনীতি করছে আওয়ামী লীগ। আইয়ুব খানের উন্নয়নের দশক বীর বাঙালিরা ছুড়ে ফেলে দিয়েছিল। এদেশে আওয়ামী লীগ সেই আইয়ুব খান মডেল পুনরুজ্জীবিত করেছে। মনে রাখতে হবে, ভোটারবিহীন-ন্যায়বিচারবিহীন রাষ্ট্র আর বেশি দিন চলতে পারে না। এ থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র নির্মাণে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য যতবার সৃষ্টি হয়েছে, ততবার বাঙালি বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগের ঐকমত্যের সরকারের মন্ত্রী আ স ম আবদুর রব প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। ছিলেন ডাকসুর ভিপি। ঊনসত্তরের গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ৬০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আ স ম রব।

সম্প্রতি তার নেতৃত্বাধীন জেএসডি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ এবং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে একটি জোট গঠিত হয়। এ জোটের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম মিলে সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নেয়।