সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আব্দুর রহিম আহমেদ ৪ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাসাইল পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম শনিবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে এনামুল করিম অটল পেয়েছেন ৩ হাজার ৯৪৫ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী গামছা প্রতীকে রাহাত হাসান টিপু পেয়েছেন ৩ হাজার ৭৯৬ ভোট।
বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটের মধ্যে ১২ হাজার ৮৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল হয়। ভোট প্রদানের হার ৭৮.৭৪ ভাগ। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুর রহিম আহমেদ বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্য করেও আওয়ামী লীগের বিজয় রুখতে পারেনি। এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে জনগণের রায়।
