অভিনেত্রী নওশাবা দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে

একুশে বার্তা প্রতিবেদন : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গুজব ছড়ানোর মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের দ্বিতীয় দফায় ২ দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১০ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় পুলিশ নওশাবাকে পুনরায় ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। নওশাবার পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার রায় দেন। এর আগে গত ৫ আগস্ট এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নওশাবাকে ৪ দিনের রিমান্ডে পায় পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৪ আগস্ট অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার কথা নিজের ফেসবুকে ছড়ান নওশাবা। ওই দিন দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জিগাতলা এলাকা সংঘর্ষ হয়। সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকেল ৪টার দিকে ফেসবুক লাইভে আসেন। ১ মিনিট ৩৭ সেকেন্ডের লাইভ ভিডিওর শুরুতে তিনি বলেন, আমি কাজী নওশাবা আহমেদ বলছি, আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে, দুইজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করেন।

তার এ আহ্বান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এতে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়ে পড়ে।

এ ঘটনায় ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।