উড্ডয়নের ১৫ মিনিট পর নোভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজারগামী নোভোএয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় বিমানটি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নোভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। বিমানটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।

হুমায়ুন কবির জানান, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। পাইলট একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে অবতরণের আগে কিছু সময় আকাশে অবস্থান করতে হয়। এ সময় পাইলট ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেন। পরে বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হুমায়ুন কবির বলেন, তিনি বিমান চলাচল বিশেষজ্ঞ নন, তবে তাঁর কাছে পাইলটের সিদ্ধান্তটি যথাযথ মনে হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি বিমানটি ফিরিয়ে আনেন।

 

 

 

তিনি আরও বলেন, পুরো ঘটনার সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

 

 

 

ঘটনার পর বেসরকারি এয়ারলাইন্সগুলোর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হুমায়ুন কবির।

তিনি বলেন, যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।