‘এখন কোথায় গেল সেই বিবেক’

একুশে বার্তা রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সাংবাদিককে ‘খামোশ’ বলায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও মনোনয়ন পেয়েছেন। আমার প্রশ্ন, পাকিস্তানি বাহিনীর এই দোসরদের সঙ্গে তারা একসঙ্গে কীভাবে নির্বাচন করবেন? এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি?

শুক্রবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলাভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আসলে তাদের লজ্জা একটু কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে খামোশ বলতে পারেন। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলব। এ অপরাধীরা যাতে ভোট না পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আজকে ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্না- তাদের এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ লেখা এবং বিবেকের কথা বলেন, এখন কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তারা আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে সেটাই আমার প্রশ্ন?’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের পক্ষে বক্তব্য দেন নুজহাত চৌধুরী, শমী কায়সার।