ডেক্স রিপোর্ট : বিশেষায়িত হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী এম. মাহবুব উদ্দিন খোকন জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এটি উপস্থাপন করা হয়েছে । একই বেঞ্চে শুনানির জন্য বিষয়টি আগামীকাল কার্য তালিকায় আসতে পারে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকে অসুস্থতার কারণে খালেদা জিয়াকে এখন পর্যন্ত আদালতে হাজির করা যায়নি। তাঁর অসুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে কারাগারে আদালত বসানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পালটাপালটি বক্তব্যের মধ্যেই কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন কওে গেজেট প্রকাশ করেছে সরকার।
ফলে বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়।
