নিউজ ডেক্স : অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে দেশে এসে পৌঁছেছে। সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সূত্র: যমুনা টিভি, এনটিভি
সাদেক হোসেন খোকার কফিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রহণ করেছেন। অন্যদের মধ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আতাউর রহমান, খায়রুল কবির খোকন, ডালী, ফজলুল হক মিলন, ইমরান সাহলে প্রিন্স, এনামুল হক, কামরুজ্জামান রতন,শামীমুর রহমান শামীম, এস.এম.জাহাঙ্গীর, মীর সরাফত আলী সফু, বজলুল বাসেত আঞ্জু, ফিরোজ আহমেদ, মকবুল আহমেদ টিপু, মেজর কামরুল, আব্দুল আলি।
বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এর পর বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আসর মরহুমের বাসভবন থেকে মরদেহ ধূপখোলা মাঠে নেওয়া হবে। সেখানে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানের মা-বাবার কবরের পাশে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।
বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে খোকার মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা রওনা দেন তাঁর স্বজনরা।
