একুশে বার্তা প্রতিবেদন : জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে ৫ জুন মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এ অধিবেশন শুরু হয়।
চলমান সংসদের ২১তম এ অধিবেশনে আগামী ৭ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এবার প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাজেট অধিবেশন চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। রমজানের সময় প্রতিদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।
তবে ঈদের পর আগের মতোই বিকালে অধিবেশন শুরু হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।
