বিচারকদের প্রধানমন্ত্রী : সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন

ডেক্স রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগ—নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই যথাযথ সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি বিভাগ নির্বাহী, আইন ও বিচার বিভাগ একটি রাষ্ট্রের জন্য অনিবার্য। এই বিভাগগুলো তাদের নিজেদের আইন অনুযায়ী পরিচালিত হবে।

ন্যায়বিচার, শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই বিভাগগুলোর মধ্যে যথাযথ সমন্বয় জরুরি।’

শেখ হাসিনা গত ৭ ডিসেম্বর  শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সুপ্রিম কোর্ট আয়োজিত ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি অবস্থান আশা করি যেখানে রাষ্ট্রের এই তিনটি বিভাগ একে অন্যের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। এতে ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শান্তি বজায় রাখা ও সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় বিঘ্ন ঘটবে না।’ প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ তৈরি করেছেন এবং এটি পরিবর্তনের কর্তৃত্ব শুধু তাঁরই। তিনি (রাষ্ট্রপতি) ‘রুলস অব বিজনেস’ও তৈরি করেছেন।

তিনি বলেন, ‘সংবিধানের ৫১(১) এবং ৫৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যক্রম নিয়ে আদালতে কোনো প্রশ্ন উঠতে পারবে না। তবে কখনো কখনো রাষ্ট্রপতির জুরিসডিকশনের অধীন ইস্যুতে অর্ডার দিতে দেখছি।’

প্রধানমন্ত্রী এ সময় আশা করেন, দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাঁদের মেধা ও সৃষ্টিশীলতা কাজে লাগিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

শেখ হাসিনা প্রধান বিচারপতির প্রস্তাব অনুযায়ী অন্যান্য দেশের মতো বাংলাদেশে প্রথমবারের মতো আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ জোরদারে আইনমন্ত্রীকে নির্দেশ দেন।

শেখ হাসিনা বিদেশি ভাষায় বেশির ভাগ মামলার বাদী-বিবাদীর স্বল্প জ্ঞানের বিষয়টি বিবেচনায় নিয়ে ইংরেজির পাশাপাশি বাংলায় মামলার রায় দেওয়ার জন্য বিচারপতিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ইংরেজিতে স্বল্প জ্ঞানের কারণে অধিকাংশ বাদী-বিবাদীকে মামলার রায় বোঝার জন্য তাদের আইনজীবীদের ওপর নির্ভর করতে হয়। মামলাসংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো রায়ের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানার কোনো সুযোগ নেই এবং বহু ক্ষেত্রে এ জন্য তাদের হয়রানির শিকার হতে হয়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘অতএব ইংরেজির পাশাপাশি বাংলায় বিচারের রায় প্রকাশ করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, বিচারপতিরা ইংরেজিতে রায় লিখতে পারবেন, তবে বাংলায় প্রকাশেরও ব্যবস্থা থাকা দরকার।

শেখ হাসিনা বলেন, ভ্রাম্যমাণ আদালত ইভ টিজিং, পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন, চাঁদাবাজি, যানবাহন ও পরিবেশসংশ্লিষ্ট অপরাধ, পণ্যমূল্য বৃদ্ধি ও ভেজাল ইত্যাদি বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ জন্য তিনি এই আদালতের আরো কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন এবং সেই সময়ের মধ্যে তিনি সংবিধান প্রণয়নসহ দেশের সব মৌলিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন।

তিনি বলেন, ওই সংবিধানে দেশের জনগণের ন্যায়বিচার এবং আইনের শাসন নিশ্চিত করা হয়। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের সব ধরনের উন্নয়ন প্রক্রিয়া থেমে যায়।

ইনডেমনিটি আইন বাতিলের রায় দিয়ে জাতির পিতার হত্যার বিচারের পথ সুগম করার জন্য প্রধানমন্ত্রী বিচার বিভাগকে ধন্যবাদ জানান।