নিউজ ডেক্স : রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাইর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) বিমানবন্দর থানা সূত্রে এই তথ্য জনা যায়।
পুলিশ জানায়, গত ১ মে ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যান ফেব্রিক্সসহ ছিনতাইর ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর থেকে রাজধানীতে আনা এসব ফেব্রিক্স বহনকারী গাড়িটি সড়কে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় থামলে চালক নিচে নামেন। এ সুযোগে দুর্বৃত্তরা পুরো কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে ৩ মে রাতে দক্ষিণখান এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ফেব্রিক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে কাভার্ড ভ্যান ও অপর একটি ব্যবহৃত ভ্যানও জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
