বেবিচক : ডিডি রাশিদার বেতনভাতা বন্ধে পরিচালক অর্থকে দাপ্তরিক চিঠি

স্টাফ রিপোর্টার : বদলির পরও পাবনার ঈশ^রদী বিমানবন্দরে যোগদান না করায় বেবিচকের উপপরিচালক রাশিদা সুলতানার বেতনভাতা বন্ধে বেবিচক মানব সম্পদ বিভাগ থেকে পরিচালক অর্থকে দাপ্তরিক চিঠি জারি করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এই দাপ্তরিক চিঠি জারি করেন ডিডি মানব সম্পদ মোহাম্মদ আবিদুল ইসলাম। বেবিচক কর্তৃপক্ষের গত ২০-০১-২০২০ তারিখে জারিকৃত অফিস আদেশের আলোকে তার বেতনভাতা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এ চিঠি জারি করা হয়েছে। যার স্মারকনং- ৩০.৩১.০০০০.২১১.১৬.০০২.২৪.৯৩৪ তারিখ- ১৫ আগস্ট ২০২৪ খ্রি: এবং ৩০.৩১.৭৬০০.৬৬১.০১.০১০.১৯/৭৯৫ তারিখ-২৯-০৮-২০২৪।
জারিকৃত দাপ্তরিক চিঠিতে বলা হয়েছে- রাশিদা সুলতানা ( এভসেক ট্রেনিং এন্ড সার্টিফিকেশন) কে কর্তৃপক্ষ গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে এভিয়েশন সিকিউরিটি বিভাগ , সদর দপ্তর ,ঢাকার পদায়ন বহাল রেখে ঈশ^রদি বিমানবন্দর , পাবনায় সংযুক্ত করা হয়। উক্ত আদেশ অনুসরণে তাকে এভসেক বিভাগ হতে গত ১৮ আগস্ট ২০২৪ তারিখ অপরাহ্নে অবমুক্ত করা হলেও তিনি যোগদানকাল ভোগ শেষে সংযুক্তকৃত দপ্তরে কাজে যোগদান না করে অনুপস্থিত রয়েছেন বলে বিমানবন্দর ব্যবস্থাপক পত্রের মাধ্যমে অবহিত করেন। তাই তার বেতনভাতা বন্ধে ২০২০ সালে জারিকৃত সংশ্লিষ্ট অফিস আদেশে অর্থ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।