একুশে বার্তা রিপোর্ট : : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’ এর একটি সিটের পেছন থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এছাড়া পৃথক অভিযানে আড়াই কেজি সোনাসহ বিমানের একজন কর্মীকে আটক করা হয়।
কাস্টমস হাউসের টিমের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোরে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি০৪৮) ঢাকায় অবতরণ করে। ওই ফ্লাইটে স্বর্ণ পাচারের খবরে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকে। একপর্যায়ে ফ্লাইটের যাত্রীরা নেমে গেলে তাতে তল্লাশি চালিয়ে ১৫-এফ নম্বর সিটের পিছন দিকে স্ক্র খুলে একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি কাস্টমস হলে নিয়ে খোলার পর ৪০টি স্বর্ণের বার উদ্ধারের পর জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া বিকেল ৩ টায় আমদানি কার্গো কমপ্লেক্সের বহিরাংশ সংলগ্ন রানওয়ে এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফ্ট টেকনিক্যাল হেলপার মো. মেহেদি হাসানকে আটক করা হয়। পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে মেহেদির শরীর তল্লাশী করে কোমরে লুকানো কালো স্কচটেপে মোড়ানো ২ টি বান্ডিলে ২২ টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৫৫০ গ্রাম। মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ টাকা।
সাজ্জাদ হোসেন জানান, সোনা বহনের কারণে বিমানটি আটক করা হয়েছে। এছাড়া আটক বিমানকর্মীকে থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
