একুশে বার্তা ডেক্স : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। গত ১৫ অক্টোবর সোমবার এ প্রতিবেদন দাখিলের দিন ছিল। তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৫ নভেম্বর আবারো নতুন তারিখ ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম ভূঁইয়া। এ নিয়ে তদন্ত প্রদিবেদন দাখিলেন জন্য ৬০টি তারিখ পেছালো। আলোচিত এ হত্যা মামলার পর বিগত ৬৮ মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি। ২০১৪ সালের ১৬ মার্চ ঢাকার সিএমএম আদালত সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়ে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করেছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। শুরুতে মামলাটির তদন্ত করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে, তদন্তের উলেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। ২০১৩ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে মামলার তদন্ত সংস্থা ডিবি তদন্তে ব্যর্থতার কথা স্বীকার করে নেয়। এরপর আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। প্রশ্ন ওঠেছে ডিবির মতো র্যাবও কি ব্যর্থতার কথা স্বীকার করার পথে এগুচ্ছে।
