সু চি’র বাড়িতে পেট্রলবোমা হামলা

বিদেশ ডেক্স : মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র বাড়িতে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চি’র লেকসাইড বাড়ির আঙ্গিনায় বোমাটি ছোড়া হয়। তবে সু চি এ সময় বাড়িতে ছিলেন না। খবর এএফপি ও বিবিসির

মিয়ানমার সরকারের মুখপাত্র  এ তথ্য জানান। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই পেট্রলবোমা হামলায় সু চি’র বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। এই বাড়িতেই সাবেক জান্তার আমলে অনেক দিন তিনি গৃহবন্দি ছিলেন। বর্তমানে তিনি মিয়ানমারের রাজধানী নেপিডোতে অবস্থান করছেন।

সু চি’র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর সেখানে আগুন জ্বলে যায়; যা দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

তবে বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে হলো যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন তিনি।