অবশেষে ধরা খেল কাতার এয়ারওয়েজের ট্রাফিক এসিস্ট্যান সুমন : ১৮ লাখ টাকার স্বর্ণ জব্দ

একুশে বার্তা রিপোর্ট : কাতার এয়ারওয়েজের এক ট্রাফিক এসিস্ট্যান্টের কাছ থেকে ১৮ লাখ টাকা মূল্যের  চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৪টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে স্বর্ণসহ ওই কর্মীকে আটক করে। আটক সুমনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

কাস্টমস সূত্র জানায়, আইডি কার্ড চেক করে দেখা যায়, তিনি কাতার এয়ারলাইন্সের ট্রাফিক এসিস্ট্যান্ট পদে কর্মরত। তার কাছ থেকে বিমানবন্দরের ‘ডি’ পাশ জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সে আগত কোন এক যাত্রীর কাছ  থেকে এই স্বর্ণ চোরাচালানকারীদের নিকটে হস্তান্তরের উদ্দেশ্যে গ্রহণ করেছেন। ২য় তলায় স্বর্ণ গ্রহণের পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সুমনের কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুমন বিমানের ট্রাফিক এসিসটেন্ট পদে চাকরির সুবাধে শাহজালাল বিমানবন্দর দিয়ে মানব পাচারসহ স্বর্ন, মাদক পাচারে জড়িত হয়েছে। সে গোয়েন্দা নজরদারিতে থাকার পর অবশেষে ধরা খেল।

বিমানবন্দরে দায়িত্বপালনকালে চোরাচালানে জড়িত থাকার কারণে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী ওই কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে।