একুশে বার্তা রিপোর্ট : আগস্ট মাসে সেনাবাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড প্রকাশ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়। আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করছে। আগস্ট মাসে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে গুলিবিনিময়ের দুইটি পৃথক ঘটনায় ইউপিডিএফ (মূল) দলের একজন শীর্ষ সন্ত্রাসী সহ ৪জন সন্ত্রাসী নিহত হয়। ১৮ আগস্ট সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে একজন সেনাসদস্য শাহাদৎ বরণ করেন। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক ২২জন সন্ত্রাসী গ্রেফতার, ৮টি দেশি/বিদেশি অস্ত্র ও ৩৬ রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতভাবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আইএসপিআর জানিয়েছে, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গত ১ আগস্ট ঢাকা সিএমএইচ-এ হাংগেরির একটি মেডিকেল টিমের সহায়তায় ৩৩ ঘন্টা ব্যাপী একটি বিরল অপারেশনের মাধ্যমে মাথা জোড়া লাগানো যমজ বাচ্চা রাবেয়া ও রোকেয়ার সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়।
অপারেশনের পরে হাংগেরীয় মেডিকেল টিমের সদস্যরা দেশে প্রত্যাবর্তনের পর ঢাকা সিএমএইচ এর একটি মেডিকেল টীম সার্বক্ষণিকভাবে বাচ্চা দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বাচ্চা দুটির শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। এতে আরও জানানো হয়, সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষ ডেঙ্গু সেল গঠনের মাধ্যমে বেসামরিক ব্যক্তিবর্গকে ডেঙ্গু টেস্টের যাবতীয় সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢাকা সেনানিবাসের এএফআইপিতে গত আগস্ট মাসে সর্বমোট ৩২৭৫ জন বেসামরিক ব্যক্তি এই সহায়তা গ্রহণ করেন। ৭ আগস্ট ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সকল সেনানিবাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে সেনা সদস্যগণের পাশাপাশি তাদের পরিবারবর্গও এবং সকল সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণও অংশগ্রহণ করে। ১৮ আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া গমন করেন। সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়া সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সন্ত্রাস দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ অন্যান্য বিভিন্ন সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সহায়তার উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সমস্যা এবং ভবিষ্যতে এই সমস্যার ফলে উদ্ভুত বিভিন্ন আঞ্চলিক সমস্যা ও নিরাপত্তা হুমকি নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে তিনি এই সমস্যা সমাধানকল্পে আসিয়ান-এর সদস্য রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়াকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সে দেশের সেনাবাহিনী প্রধানের মাধ্যমে তাদের সরকারকে অনুরোধ জানান। সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডারের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ক্রয়ের সম্ভাবনার বিষয় নিয়েও আলোচনা করেন। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর নিবিড় সম্পর্ককে আরো সুদৃঢ় ও প্রগাঢ় করার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের ফুটবল দল গত ২৫-২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করে। এসময় ভারতীয় সেনাবাহিনী ফুটবল দল ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ফুটবল দল ও বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশগ্রহণসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করে। ২৯ জুলাই ২০১৮ তারিখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা সেনানিবাস সংলগ্ন এমইএস বাস স্টপ এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ২জন শিক্ষার্থী প্রাণ হারানো পর প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীকে উক্ত মহাসড়কের বীরসপ্তক ক্রসিং পয়েন্টে একটি আণ্ডারপাস নির্মাণ প্রকল্পটি অর্পণ করা হয়। সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে এই প্রকল্পের কার্যক্রমে গত ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে জরুরি ভিত্তিতে শুরু করা হয়, যার নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
