‘আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত থাকবে’

স্টাফ রিপোর্টার :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপীল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে আপীল বিভাগের দেয়া আদেশে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ প্রকাশিত হয়। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানিয়েছেন, আগামি রোববারের মধ্যে তারা আপীলের সারসংক্ষেপ জমা দেবেন।

৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপিটি লিখিছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এতে একমত হয়ে প্রধান বিচারপতিসহ অন্যান্যরা স্বাক্ষর করেছেন। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। প্রকাশিত আদেশে আদালত বলেছেন, জামিন দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীলের অনুমতি চাওয়া হয়েছে। সেটা মঞ্জুর করার মতো কারণ (মেরিট) আমরা পেয়েছি। তাই দুটি আপীলের অনুমতি দেয়া হলো। এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করা হলো। আপীলকারীদের দুই সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হলো।