খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপিতে স্বাক্ষর করেছেন জজ : ১৫ ফেব্রুয়ারি পেলে উচ্চ আদালতে আপিল

একুশে বার্তা ডেক্স : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি আজও তুলতে পারেননি। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘একটু আগে আদালত থেকে জানিয়েছে জজ সাহেব মাত্র সই করেছেন। এখন বাদবাকি টাইপ করে আগামী ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি দেবে।’

তিনি বলেন, ‘কপি দেওয়ার নোটিশ এসেছে, সই আছে, আমরাও দেখলাম।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি বিকেল ৪টায় দেয়া হবে বলে এর আগে সকালে নিশ্চিত করেছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

তিনি জানিয়েছিলেন, সার্টিফায়েড কপি পাওয়ার পরই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে একইসাথে জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের পেশকার মোকাররম হোসেন জানান, ৬৩২ পাতার রায় এতো কম সময়ে সার্টিফায়েড কপি সরবরাহ করা কষ্টকর। আমরা চেষ্টা করছি দ্রুত করতে।

এর আগে গত সোমবার আদালতে ৩ হাজার ফলিও (যে কাগজে রায়ের নকল দেওয়া হয়) জমা দেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।