দুদকের তেলেসমাতি : প্রায় ৩ বছর বিনা অপরাধে জেলখাটার পর অবশেষে জাহালমকে মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

ডেক্স রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্জ এই আদেশ দেন।

গত সোমবার ২৮ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে / স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত।

তিনি সাংবাদিকদের বলেন, পত্রিকায় এ প্রতিবেদন দেখে আদালতে উপস্থাপনের পর স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছেন। আদেশে ৩ ফেব্রুয়ারি চারজনকে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া কারাগারে থাকা ‘ভুল’ আসামি জাহালমকে কেন অব্যাহতি দেয়া হবে না এবং তাকে মুক্তির কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, দুর্নীতি দমন কমিশনের পক্ষে চেয়ারম্যান, দুদকের ডিজি (আইন), মামলার বাদী দুদক পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইজি-প্রিজন ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন জাহালম। পেশায় পাটকল শ্রমিক জাহালমের কারাবাসের তিন বছর পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

এতোদিন পরে এসে দুদক বলছে, জাহালম নিরপরাধ। জাতীয় মানবাধিকার কমিশনও বিষয়টি নিয়ে তদন্ত করে জাহালম নিরপরাধ বলে জানিয়েছে।