একুশে বার্তা ডেক্স : বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভের সপ্তম দিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি মেয়াদোত্তীর্ণ পিকআপ আটক করে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করেছেন কিশোর শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে ধানমণ্ডি ২৭ নম্বরে মাদার কেয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।
গাড়িটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ প্রমাণ পাওয়ার পরেই শিক্ষার্থীরা মামলা চাই, মামলা চাই বলে স্লোগান দিলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সাইফুল আইনি ব্যবস্থা নেন।
চলতে বছরের ১২ মে গাড়িটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবির মুখে চালক বলেন, লাইসেন্স নবায়ন করতে দিয়েছেন। পেতে ছয় মাস লাগবে।
তখন শিক্ষার্থীরা বলেন, নবায়ন করতে দিলে একটা কাগজ দেয়া হয়। সেটি কোথায়?
এ সময়ে চালকের পাশে বসা বিজিবি সদস্য বলেন, রানার কার্ড দিয়েছিল। কিন্তু সেটা সঙ্গে আনতে ভুলে গিয়েছি।
গাড়িটিতে বিজিবি সদস্যরা ছিলেন। ছাত্ররা বলেন, একজনের জন্য সবার ক্ষতি হোক, তা আমরা চাই না। তারা গাড়িটি ছেড়ে দেন।
পরে আইনি ব্যবস্থা নেয়া হলে শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে থাকেন।
ট্রাফিক সার্জেন্ট সাইফুল বলেন, গাড়ির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। আইন সবার জন্য সমান।
এক শিক্ষার্থী বলেন, সব গাড়ির লাইসেন্স থাকা উচিত। সিটবেল্ট থাকা উচিত। সেটা যার গাড়ি হোক না কেন। গাড়ির ফিটনেসও পরীক্ষা করা উচিত বলে জানায় সে।
