বিমানের স্টেশন ম্যানেজারের নেই নিরাপত্তা পাস

ডেস্ক রিপোর্ট: দুই বছর ধরে দায়িত্ব পালন করলেও ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমানের বিমানবন্দরে প্রবেশের কোনো নিরাপত্তা পাস নেই। ফলে গত ৭ আগস্ট রোমে বিমানের একটি ফ্লাইটের জরুরি অবতরণ ও দীর্ঘ যাত্রীভোগান্তির পেছনে তার পাস না থাকার বিষয়টি ভূমিকা রেখেছে কিনা প্রশ্ন উঠেছে। বিমান সূত্র জানিয়েছে, সেদিনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া ওই ঘটনায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যের জেরে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠন : বিমান সূত্র জানিয়েছে, ৭ আগস্টের ঘটনাটির প্রকৃত কারণ, যাত্রী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখতে তিন সদেস্যর তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগের চিফ ইঞ্জিনিয়ার প্রোডাকশন আলী নাসের খানকে কমিটির প্রধান করা হয়েছে। চিঠিতে ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটনে ১৩টি বিষয়ে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিকে দেওয়া নির্দেশনায় রোমে ফ্লাইট বিজি-৩০৬ জরুরি অবতরণের পর উদ্ভূত পরিস্থিতি ও ঘটনার প্রকৃত কারণ পর্যালোচনা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়েছে। ত্রুটি শনাক্ত হওয়ার পরও প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি সহায়তা পেতে কেন বিলম্ব হয়েছে এবং এর জন্য কারা দায়ী, তাও নির্ধারণ করবে কমিটি। প্রসঙ্গত উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত

রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এটিআই-টেক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় বি-২ প্রকৌশলী সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হননি। ফলে ত্রুটি নিরসনের কাজ বিলম্বিত হয়।

জানা গেছে, আটকে পড়া যাত্রীদের কত বেলা, কী ধরনের এবং কোথা থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তার বিস্তারিত যাচাই করবে তদন্ত কমিটি। বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তরে কেন বিলম্ব হলো এবং বাকি ১৪০ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে কেন হোটেলে নেওয়া সম্ভব হয়নি, তাও খতিয়ে দেখা হবে। এ ছাড়া ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কী ধরনের যোগাযোগ করা হয়েছিল তা-ও যাচাই করবে কমিটি।

আলোচনায় স্টেশন ম্যানেজার : তদন্তের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রোমে দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমানের বিমানবন্দরে প্রবেশের পাস। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুই বছরেও কেন তিনি পাস সংগ্রহ করতে পারেননি তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া স্টেশন ম্যানেজারের বিমানবন্দর পাস না থাকায় সংকটের সময় যাত্রীদের সহায়তা ও ব্যবস্থাপনায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল কিনা, তাও তদন্ত করবে কমিটি। এ ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হবে।

বোসরা ইসলামকে পদ থেকে অপসারণ : বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিনকে। বোসরা ইসলামকে মহাব্যবস্থাপকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সূত্র জানায়, সেদিন ফ্লাইটটির জরুরি অবতরণের পর জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত চিত্র পুরোপুরি তুলে ধরা হয়নি, বরং যাত্রীদের ভোগান্তির বিষয়টি আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে।